শুক্রবারই 'ফাইনাল' দেখছেন ক্লার্ক

অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক পাকিস্তানের বিপক্ষে শুক্রবার অনুষ্ঠিতব্য তার দলের কোয়ার্টার ফাইনালের লড়াইটিকে 'ফাইনাল' হিসেবেই নিচ্ছেন। অধিনায়ক মিসবাহ-উল-হকের দলের বিপক্ষে বাঁচা-মরার এই লড়াইটি কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান অনেক পিছিয়ে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘অনিশ্চয়তাপূর্ণ’ দলটির গত ১০ ম্যাচের পরিসংখ্যান অন্তত তাই বলে। অস্ট্রেলিয়ার মাটিতে গত ১০ ওয়ানডের নয়টিতেই স্বাগতিকদের কাছে হারে পাকিস্তান। যদিও অ্যাডিলেড ওভালে নামার আগে অতীতের এসব জয় আমলে নিতে চান না অধিনায়ক ক্লার্ক।
তিনি বলেন, ‘তাদের অনেক মেধাবী খেলোয়াড় আছে। তাদের আক্রমণটা খুবই ভালো এবং তাদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটি ভালো সংমিশ্রণ আছে। এটা আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে এবং আমি মনে করি তাদের হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। তাই আমরা ম্যাচটাকে বিশ্বকাপের ফাইনাল হিসেবেই নিচ্ছি।’
ক্লার্ক আরো বলেন, ‘এই ম্যাচে হেরে গেলে টুর্নামেন্টের বাকিটুকু বসে এবং দেখেই কাটাতে হবে। আমরা খেলাটিতে সাফল্য পেতে পারি—আমাদের নজর এখন এই দিকেই।’
কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে গ্রুপ পর্বের বিষয়গুলো অবান্তর বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তিনি বলেন, ‘আগামীকাল(শুক্রবার) যখন মাঠে নামবো, তখন এটা নতুন একটি দিন থাকবে। ব্যাটে-বলে আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। আগে কী হয়েছে তা অপ্রাসঙ্গিক।’
পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে ক্লার্কের দৃষ্টিতে এই কাজগুলো করতে হবে— ‘শতভাগ মনোযোগী হতে হবে এবং যতটা পারা যায় ভালো প্রস্তুতি নিতে হবে; নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে হবে, সামর্থ্য অনুযায়ী বোল করতে হবে এবং আমাদের প্রতিশ্রুতিপূর্ণ ফিল্ডিংটাও ধরে রাখতে হবে।’—দ্যা ডন