অ্যান্ড্রয়েডের ব্যতিক্রমী চার ব্যবহার


বৈচিত্র্যময় অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনকে নানা কাজেই ব্যবহার করা যায়। এর মধ্যে ব্যতিক্রমধর্মী অনেক কাজই সকলের নিকট তেমন পরিচিত নয়। তেমন চার ব্যবহারের কথা তুলে ধরেছেন তরিকুর রহমান সজীব-
স্পাই ক্যামেরা
বাসা-বাড়ি কিংবা অফিসে নজরদারি করার জন্য সিসিটিভির ব্যবহার তো রয়েছেই। তবে একটি বাড়তি অ্যান্ড্রয়েড ফোন থাকলে আর সিসিটিভির প্রয়োজন নেই। ওই ফোনটিকেই ব্যবহার করা যাবে স্পাই ক্যামেরা হিসেবে। এর জন্য কেবল অ্যান্ড্রয়েড ফোনটিতে ইন্সটল করে নিতে হবে স্পাই কিট নামের একটি অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোরে টাট্টু মোবাইলের তৈরি এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে http://goo.gl/Uz9pJF ঠিকানায়। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি মোশন ডিটেক্টর স্পাই ক্যামেরা হিসেবে কাজ করে। সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপ্লিকেশনটি কেবল নিরবেই কাজ করে না, ফোনের ডিসপ্লে বন্ধ থাকা অবস্থাতেও এটি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারে। এতে বিভিন্ন কাজ সম্পন্ন করতে দরকারি কমান্ডগুলো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। মোশন ডিটেকশন সক্রিয় থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবেই ছবি ও ভিডিও তুলতে থাকে। অ্যান্ড্রয়েড ফোনটিতে সিম কার্ড থাকলে এসএমএসের মাধ্যমেও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে স্পাই ক্যামেরাকে। সেক্ষেত্রে অন্য কোনো ফোন থেকে ওই ফোনে ‘click’ বা ‘record’ লিখে এসএমএস করলেই ছবি বা ভিডিও ধারণ করতে থাকবে স্পাই ক্যামেরা।
ব্রেইন ট্রেইনার
শরীরকে সুস্থ রাখার জন্য যেমন সুষম খাদ্যের পাশাপাশি প্রয়োজন শারীরিক ব্যায়াম, তেমনি মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্যও প্রয়োজন মস্তিষ্কের ব্যায়াম। এই কাজটিতে আপনাকে সহায়তা করতে পারে ‘এলিভেট’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। একে বলা হয় ব্রেইন ট্রেইনার অ্যাপ্লিকেশন। এতে রয়েছে ২৫টিরও বেশি গেম এবং পাজল যেগুলো স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে এবং মানসিক দক্ষতা ও চিন্তার গতি বাড়াতে কাজ করে থাকে। এটি ব্যবহারের সময় ব্যবহারকারীর স্কোরের ওপর নির্ভর করে এটি নিজে থেকেই ব্যবহারকারীর মানসিক দক্ষতা পরিমাপ করতে পারে এবং সেই অনুযায়ী এতে হাজির হয় গেম বা পাজলগুলো। আর মানসিক বিকাশের একটি চিত্রও এটি স্কোরের ধারাবাহিকতার মাধ্যমে চিত্রায়ণ করে দেবে। নিউরোসায়েন্স এবং কগনিটিভ লার্নিংয়ের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তায় এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা এলিভেট ল্যাবস। এটি ডাউনলোড করা যাবে http://goo.gl/2qUryv ঠিকানা থেকে।
ভোল্টেজ পরিমাপক
মোবাইলের ব্যাটারি রিচার্জ করতে তো হয় প্রতিদিনই। কিন্তু কোনো ফোনের ব্যাটারি রিচার্জের সময় কী পরিমাণ বিদ্যুত্ প্রবাহিত হচ্ছে, সেই তথ্য কি আমরা জানি? এই তথ্য জানার জন্য সরাসরি কোনো পদ্ধতি নেই অ্যান্ড্রয়েড ডিভাইসে। তবে ‘অ্যাম্পিয়ার’ নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি সহজেই করা যায়। ব্রেইনট্র্যাপ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই অ্যাপ্লিকেশনটি ব্যাটারি চার্জ হওয়ার সময়জুড়ে প্রদর্শন করবে বিদ্যুত্ প্রবাহের পরিমাণ এবং ভোল্টেজের পরিমাপ। আর ফোনটি চার্জারের সাথে সংযুক্ত না থাকার সময় এটি ফোনের ডিসচার্জের হার প্রদর্শন করবে। অ্যান্ড্রয়েড ৪.০.৩ বার এর পরের যেকোনো সংস্করণের জন্য কাজ করবে এই অ্যাপ্লিকেশন। তবে সব ফোনে আবার এটি কাজ করে না। গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনের লিংকে (http://goo.gl/KLgxOw) গেলে অবশ্য এই বিষয়ক তালিকা পাওয়া যাবে।
পূর্ণাঙ্গ মিডিয়া প্লেয়ার
অ্যান্ড্রয়েড ফোন থেকে সাধারণভাবে টিভিতে মাল্টিমিডিয়া কনটেন্ট স্ট্রিমিং করা যায়। বাড়তি সুবিধা উপভোগ করার জন্য টিভির সাথে অ্যান্ড্রয়েড ফোনকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব। এর জন্য থাকতে হবে এমএইচএল বা এইচডিএমআই আউটপুট, যা দিয়ে অ্যান্ড্রয়েড ফোনটি যুক্ত হবে টিভির সাথে। আর প্রয়োজন হবে বিশেষায়িত সফটওয়্যারের। এই সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারেন ‘টিভিএমসি’ নামের টিভি অ্যাড-অন। গুগল প্লে স্টোরে নেই অ্যাপসটি। তাই www.tvaddons.ag/tvmc-android সাইট থেকে এই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইল ডাউনলোড করে নিয়ে পৃথকভাবে ইন্সটল করে নিতে হবে। এটি ইন্সটল হয়ে গেলেই টিভিতে সংযুক্ত অ্যান্ড্রয়েড ফোনটিই পরিণত হবে একটি পূর্ণাঙ্গ মিডিয়া প্লেয়ারে।