গফরগাঁয়ে বিএনপি নেতাকে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি’র এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওরফে গদা (৬৫) উপজেলার দত্তের বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। তবে গদা কোন রাজনৈতিক দলের নেতা ছিল কীনা তা পুলিশ জানাতে পারেনি।
গফরগাঁয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, গদা দত্তের বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।