গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার রাতে ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোন খোঁজ পায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে তল্লাশি শুরু হয়ে রাত ১২ টায় তা শেষ করা হয়। বর্তমানে ওই এলাকায় পুলিশ টহল অব্যাহত আছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিনের খোঁজ না পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করে জানিয়েছিলেন প্রয়োজন হলে শুক্রবারও তল্লাশি চালানো হবে।
কিন্তু আজ ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান, তল্লাশি না, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে তারা টহল দিচ্ছেন।
প্রসঙ্গত, পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার জনৈক এক এক ব্যক্তি পুলিশকে টেলিফোন করে জানান যে, ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী চর এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেছেন। লাশটি সালাহউদ্দিন আহমদের হতে পারে। পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম ওই চরে তল্লাসি অভিযান নামে। পুলিশ ওই চরসহ যমুনা ও ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে দুই নদীর দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়েও কোন মানবদেহের সন্ধান পায়নি।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশারাফুল ইসলাম জানান, এ ধরনের খবরের কোন সত্যতা পাওয়া যায়নি। পুলিশের কাছে টেলিফোন করা হয়েছিল চট্টগ্রাম থেকে। মোবাইল ফোনটি এখন বন্ধ রয়েছে। তবে মোবাইল নম্বর সনাক্ত ও তাকে খুঁজে বের করে ভুল তথ্য দেওয়ার জন্য আইনের আওতায় নেওয়া হবে।