বিএনপিকে আসন্ন সিটি নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিলে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যাবে। নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। গণতন্ত্রের জন্য একটি দলের নির্বাচনে অংশ নেয়া জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় দেড়শত পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সিরাজগঞ্জের মহিষামুড়া চৌরাস্তা মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল। সমাবেশে পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুরতান নাসিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।