ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ কুমিল্লার মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খানসহ (৬৪) আহত পাঁচজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন।
শুক্রবার ভোরে ফেনীর দাগনভূইয়া পিকআপে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় গাড়ির চালক, হেলপার ও তিনযাত্রীসহ পাঁচজন দগ্ধ হন। ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, জেলার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর গ্রামের গাড়ি চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান (৬৪), একই উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের গাড়ির সহযোগি রবিউল ইসলাম (১৭), মাছ ব্যবসায়ী আবুল হোসেন (৪৪) ওয়াশিম (২৬) রোকন (২৫)।
শুক্রবার বিকেলে আহত মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খানের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের বুকফাঁটা যন্ত্রণার আত্মচিত্কারে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।
পারিবারিক সূত্রে জানাযায়, তিন ছেলে ও একমাত্র মেয়ের জনক ইউসুফ আলী খান জীবন-জীবিকার তাগিদে পিকআপ ভ্যান চালিয়ে সংসার চালান। তার একমাত্র মেয়ে রীনা আক্তার আব্বা-আব্বা বলে চিত্কার করে বার বার মূর্ছা যাচ্ছে। বোন সাফেরা বেগম ‘কদ্দুর পুড়ার জ্বালায় থাহন যায় না, আমার ভাই সারা শরীলের পোড়ার জ্বালা লইয়া কেমনে থাকবো গো... ভাই, ভাইরে...’ বলে আহাজারি করছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান জানান, আমি তাদের খোঁজ খরব নিয়েছে। সংশ্লিষ্ট ডাক্তারকে সঠিক সেবা দেওয়ার জন্য বলিছি। তাদের সু-চিকিত্সা দেয়া হবে।