নগর সংস্কৃতি

ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীকে স্মরণ করলো কণ্ঠশীলন

গানে, কথায় শ্রদ্ধাভরে ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীকে স্মরণ করলো আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন। চলতি মাসের ৯ মার্চ কাইয়ুম চৌধুরীর এবং ১৬ মার্চ ছিল ওয়াহিদুল হকের জন্মদিন। গতকাল সন্ধ্যায় এ মহান দুই শিল্পীকে স্মরণ করল সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা, কবিতা ও গানের অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু হয় মিতা হকের কণ্ঠে ‘বড় বিস্ময় জাগে’ রবীন্দ্র সংগীত দিয়ে। গানের শেষে ওয়াহিদুল হককে নিয়ে লেখা কবি শামসুর রাহমানের একটি কবিতা পাঠ করেন জহিরুল হক খান। এরপর কাইয়ুম চৌধুরীকে নিয়ে আবুল খায়ের মুসলেউদ্দিনের কবিতা পাঠ করেন শামীমা নাজনীন। কণ্ঠশীলনের প্রাণপুরুষ ওয়াহিদুল হক এবং সাবেক সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিনকে কেন্দ্র করে এ অনুষ্ঠানে আলোচনা করেন কাইয়ুম চৌধুরীর ছেলে মাইনুল ইসলাম জাবের, নাট্যজন আতাউর রহমান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও কণ্ঠশীলনের আহ্বায়ক সন্?জীদা খাতুন।
কণ্ঠশীলনের প্রযোজনা ‘কোনখানে রাখব প্রণাম’ পরিবেশন করেন কণ্ঠশীলনের শিল্পীরা। এরপর একক আবৃত্তি পরি?বেশন করেন কণ্ঠশীলনের শামীমা নাজনীন, জহিরুল হক খান, এনায়েত কাজল, মাসুমা জাহান, ইভা মন্ডল ও আলতাফ হোসেন। আবৃত্তির পর গান করেন ফারহিন খান জয়িতা, লাইসা আহমেদ ও মহিউজ্জামান চৌধুরী।
সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মিউজিক অ্যাওয়ার্ড পেলেন রামকৃষ্ণ ঢাকাল
সাউথ এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নেপালের জনপ্রিয় শিল্পী রামকৃষ্ণ ঢাকাল। ‘দ্বিতীয় সাউথ এশিয়ান (স্পিরিচ্যুয়াল) মিউজিক ফেস্টিভ্যাল-২০১৫’- শীর্ষক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। শিল্পী রামকৃষ্ণ ঢাকালের হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। 
গতকাল শুক্রবার বিকেলে ‘সাউথ এশিয়ান মিউজিক ইন্সটিটিউট’-এর আয়োজনে বাংলাদেশ শিশু একডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এসময় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ও ঢাকাস্থ নেপালের রাষ্ট্রদূত শ্রী হরি কুমার শ্রেষ্ঠ। এছাড়াও, সাউথ এশিয়ান মিউজিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ড. দীপক মল্লিক, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, শিল্পী বুলবুল মহলানবীশ এবং শিল্পী রামকৃষ্ণ ঢাকাল।
এর আগে এ অনুষ্ঠানের শুরুতেই ‘সাউথ এশিয়ান স্পিরিচ্যুয়াল মিউজিক’ শীর্ষক মূলপ্রবন্ধ পাঠ করেন ড. আনু মাহামুদ।
অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিল বিভিন্ন ধারার আধ্যাত্মিক সংগীত পরিবেশনা। সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী বুলবুল মহলানবীশ, আবু বকর সিদ্দিক, মুক্তি গোমেজ অনিমা, শুক্তি চৌধুরী, পলি রহমান, শহীদ কবির পলাশ, শাম্মা তারিন, ভারতের শিল্পী কাকলী সেন, শমরিতা মল্লিক, অরিত্রিকা ভট্টাচার্য এবং নেপালের শিল্পী রামকৃষ্ণ ঢাকাল।
বিশ্ব পুতুল নাট্য দিবসে শিল্পকলার আয়োজন
আজ শনিবার, বিশ্ব পুতুল নাট্য দিবস। প্রতিবছরের মতো এ বছর বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, উন্মুক্ত পাপেট প্রদর্শনী, জল পাপেটের সহযোগিতায় বিশেষ ও সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে উন্মুক্ত পাপেট নির্মাণ কর্মশালা ও প্রদর্শনী, আলোচনা, গুণী পুতুল নাট্য শিল্পী সম্মাননা ও পুতুল নাট্য পরিবেশনা। এবারের এ ‘গুণী পুতুল নাট্য শিল্পী সম্মাননা-২০১৫’ পাচ্ছেন দিনাজপুরের পুতুল নাট্য শিল্পী মনি দত্ত অধিকারী। সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘আলোচনা ও গুণী পুতুল নাট্য শিল্পী সম্মাননা প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শিল্পকলা সনদ তুলে দেয়া হবে।
অর্ণব খেলাঘর আসরের সংবর্ধনা

আজ শনিবার, খেলাঘর আসরের ঢাকা মহাগরীর অন্যতম শাখা আসর ‘অর্ণব খেলাঘর আসর’-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে-ঢাকাস্থ মানিকনগর পুকুর পাড়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলন শুরু হবে সকাল ১০টায়। এ সম্মেলনের উদ্বোধন করবেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত। এসময় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি সভাপতিমন্ডলীর সদস্য প্রণয় সাহা, আবদুল মতিন ভুঁইয়া, সহ সাধারণ সম্পাদক আবু হাসান শাহীন।