আজ বিশ্ব বন দিবস

আজ বিশ্ব বন দিবস। ‘জলবায়ু পরিবর্তন রোধে বন’- এই স্লোগান ধারণ করে বিশ্বের অন্য দেশের মত বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। 

জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী বনভূমির পরিমাণ কমে আসছে। কমছে গাছ-গাছালির সংখ্যা। বিপন্ন হচ্ছে জীবজন্তু ও বন্যপ্রাণি। ক্ষয়িষ্ণু পরিবেশের প্রভাবে বিপন্ন হচ্ছে বন। এমন বৈশ্বিক পরিস্থিতিতে বন সংরক্ষণের আহবান জানিয়ে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সেমিনারে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার ও প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বন সংরক্ষণ ও পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে ইনস্টিটিউট কার্যালয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
এছাড়া গত ১৮ মার্চ থেকে বন ভবনে জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ বিপর্যয়ের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘রিও ঘোষণা’য় বন সৃজন ও রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।