পেট্রোলবোমায় নিহত কলারোয়ার ট্রাক চালকের দাফন

চাঁদপুরে পেট্রোল বোমায় নিহত ট্রাক চালক জাহাঙ্গীর আলমকে (২৮) তার গ্রামের বাড়ি উপজেলার কিছমত ইলিশপুরে দাফন করা হয়েছে। জুমার আগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে স্থানীয় কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ আলী জানান। তার মরদেহ গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে আনা হলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এলাকার শত শত মানুষ তার মরদেহের কাছে ভিড় করেন। 

এখন তার বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের চাকা ঘুরানো পরিবারের আয় করতে সক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ তার স্বজনরা। তাদেরকে সান্ত্বনা দেয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছে এলাকাবাসী। সন্তানের মৃত্যু খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ট্রাকচালক জাহাঙ্গীরের মা সাজেদা বেগম। স্বামীর অকাল মৃত্যুতে স্ত্রী খাদিজা খাতুনও ২ শিশু সন্তান নিয়ে পাগলপ্রায়। উপজেলায় কিছমত ইলিশপুর গ্রামের সুরোত আলী মোড়লের ছেলে ট্রাকচালক জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে গতকাল এ দৃশ্য দেখা যায়।
নিহত জাহাঙ্গীরের ভাই সেলিম হোসেন জানান, গত সোমবার বিকালে যশোরের শার্শা উপজেলায় ৭ মাইল গরুর হাট থেকে গরু ভর্তি ট্রাক নিয়ে তিনি চট্টগ্রাম যান। সেখান থেকে ট্রাকে টমেটো বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা হন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদরের চৌরাস্তা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আহত হয় যশোরের বাগআঁঁচড়া এলাকার আরো ৩ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।