অধিকাংশ বিলবোর্ড অপসারণ পোস্টারে সয়লাব রাজধানী

 
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ মেনে রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রচার উপকরণ অপসারণের কাজ চলছে। গতকাল মধ্যরাতেই শেষ হয়েছে ইসির ৪৮ ঘন্টার আল্টিমেটাম। শুক্রবার সন্ধ্যার আগেই দুই সিটির সম্ভাব্য মেয়র প্রার্থীদের অধিকাংশ বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। তবে রাজধানীর বেশিরভাগ পাড়া-মহল্লায় কাউন্সিলর প্রার্থীদের রঙিন পোস্টার এখনো রয়েছে।
নির্বাচনী আইনানুযায়ী ভোটের ২১ দিন আগে প্রচার শুরুর ব্যাপারে বিধিনিষেধ থাকলেও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা অনেকক্ষেত্রেই তা মানছেন না। গতকাল রাজধানীর বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলরদের পক্ষে মিছিল করতে দেখা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ইসির ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জানান, ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকায় বিলবোর্ড নামানোর কাজ শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি নিজেও বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন। এছাড়াও দক্ষিণ সিটিতে আরো ১৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা গতকাল দিনভর বিভিন্ন এলাকা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন। আজ (শনিবার) সকাল থেকে অ্যাকশনে নামছে ইসি। এখনও যাদের পোস্টার সরানো হয়নি তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো:শাহ আলম জানিয়েছেন, উত্তর সিটির ৯৫ ভাগ বিলবোর্ড ও ব্যানার নামানো হয়েছে। ভোট গ্রহণের ২১ দিন পূর্বে অর্থাত্ ৭ এপ্রিলের আগে কোন প্রচার করা যাবে না। বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের সমর্থনে মিছিল বের হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আচরণবিধির লঙ্ঘন। এ ধরনের কোন সংবাদ পেলে পুলিশ পাঠিয়ে তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 
গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী ২৮ এপ্রিল দুই সিটিতে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। ওই দিন নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচা, মগবাজার, মালিবাগ, রাজাবাজার, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে টানানো বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। তবে এসব এলাকায় কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা মিছিল বের করেছেন। তারা অবশ্য জানিয়েছেন, মিছিলের ব্যাপারে বিধিনিষেধের বিষয়টি তাদের জানা নেই।