শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার রাত ইন্ডিয়ান এয়ারলাইন্সে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ভিসা কর্মকর্তা সন্দ্বীপন ভট্টাচার্য’র (৪৫) সস্ত্রীক কলকাতায় যাওয়ার কথা ছিল। তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগের মধ্যে রাখা ছিল এসব ডলার। প্রয়োজনীয় কাগজপত্র তাঁর সঙ্গে না থাকায় এসব ডলার শুল্ক গোয়েন্দারা রেখে দেন। তাঁর স্ত্রী বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। উপার্জিত সব অর্থই সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বলে শুল্ক কর্তৃপক্ষকে জানিয়েছেন সন্দ্বীপন ভট্টাচার্য। তবে তিনি দেশে চলে যাননি। প্রসঙ্গত, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা পাওয়া যায়।
স্বর্ণসহ যাত্রী আটক
গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ এম এ মালেক (৪৫) নামক এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বিমানবন্দর টার্মিনালের দুই নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় ওই যাত্রীকে আটক করা হয়। মালেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার শার্টের কলারে তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার ও সোনার পাত মিলিয়ে প্রায় ৮শ’ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটক মালেকের গ্রামের বাড়ি শরীয়তপুর।