ইয়েমেনে মসজিদে হামলা: দায় স্বীকার করল আইএস

 
ইয়েমেনের রাজধানী সানায় দুইটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। শুক্রবারের ঐ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ এ দাঁড়িয়েছে।
শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার দায় স্বীকার করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছে ইসলামিক স্টেট। যদি, তাদের এই দাবি সত্য হয়, তাহলে ইয়েমেনে এটিই হবে ইসলামিক স্টেটের প্রথম কোনো হামলা। বিবৃতিতে আরো হামলার হুমকি দিয়েছে আইএস। 
গত নভেম্বরে ইয়েমেনে একটি শাখা চালু করেছে ইসলামিক স্টেট। একটি সুন্নি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বদর ও আল-হাশুশ নামে যে মসজিদ দু’টোতে হামলা করা হয়েছে সেগুলো ছিল ‘হুতি’ নামে পরিচিত, শিয়া মুসলিম বিদ্রোহী জনগোষ্ঠীর প্রার্থনাস্থল। শুক্রবারের জুম্মা নামাজের সময় চালানো এই হামলায় হুতি গোষ্ঠীর অন্যতম ধর্মীয় নেতা আল-মুরতাদা বিন জায়েদ আল-মাহাতওয়ারি নিহত হয়েছেন।
শরীরের সঙ্গে বিস্ফোরক পেঁচিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দুইটি মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায় চারজন আত্মঘাতী। হামলার পরপরই শহরের হাসপাতালগুলোতে আতদের ভিড় জমে।
 
চিকিত্সা দিতে গিয়ে হাসপাতালগুলোতে এখন রক্তের জন্য হাহাকার চলছে বলে জানিয়েছেন হুতিদের একজন নেতা লাওয়াই আল-শামি।
তিনি জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজের বিস্ফোরণ ঘটিয়ে দেবার পর, মানুষ যখন সেটি নিয়েই হতভম্ব, তখন সেই সুযোগে দ্বিতীয় হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে।
অন্য আরেকজন আত্মঘাতী ইয়েমেনের উত্তরের শহর সাদা’র একটি মসজিদকে লক্ষ্য করে বোমা হামলা করলেও সেখানে শুধু ঐ আত্মঘাতীই নিহত হয়েছেন।