নারায়ণগঞ্জে যুবক খুন, আগুনে পুড়ে অঙ্গার ব্যবসায়ী

নারায়ণগঞ্জে শনিবার সকালে পৃথক ঘটনায় যুবক খুন এবং আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, পাগলা নয়ামাটি এলাকায় হত্যাকাণ্ডের শিকার জালাল মিয়া (৩৫) একই এলাকার হোসেন মিয়া ও আলিমুন নেসার পালিত ছেলে। শনিবার সকালে ঘর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের জখম রয়েছে। জালাল যাদের মা-বাবা বলে ডাকতেন প্রত্যেকেই আত্মগোপন করেছে। তাদেরকে পাওয়া গেলে হত্যার রহস্য জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে জালকুড়ি পিলকুনি এলাকাতে শনিবার সকালে একটি বসত ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন গৃহকর্তা আবদুল বেপারী (৬৫)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
নিহতের ভাতিজা জয়নাল জানান, শনিবার আবদুল বেপারীর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। সকাল ছয়টার দিকে হঠাৎ ঘরে আগুন ধরে যায়। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর সময় আবদুল বেপারীর দগ্ধ মৃতদেহ উদ্ধার করে। আগুনে দুইটি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।