চকরিয়ায় শিক্ষকের বসতঘর ভাঙচুর-লুটপাট

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় রাতের আঁধারে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে এক শিক্ষকের বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে শিক্ষক পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। চকরিয়া থানায় এজাহার দিলেও মামলা নিচ্ছে না পুলিশ।
কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহেছান আল মামুন বলেন, মগবাজার এলাকার তার বাড়িতে ১৭ মার্চ রাত দেড়টার দিকে মাহবুবুল আলমের নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা। এতে তর আড়াই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
এহেছান আল মামুনের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তবে এ ঘটনায় থানায় এজাহার দেয়া হলে পুলিশ অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না। দুর্বৃত্তরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তাদের ভয়ে ঘরের ভেতর এক প্রকার বন্দি জীবনযাপন করতে হচ্ছে।
তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এ ঘটনার বিষয়ে পুলিশ জানে। স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন। তারা যদি মিমাংসা করতে না পারেন, তাহলে মামলা নেয়া হবে।’