‘বিশ্ব দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। গতকাল শুক্রবার বিকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানরত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মাশরাফিদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি দলের সবার খোঁজ-খবরও নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাশরাফিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে; তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবই।

জানা গেছে, শুক্রবার মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপিকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি অধিনায়ক মাশরাফির সঙ্গেও কথা বলেছেন। নাজমুল হাসান পাপন সেখানে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, মাশরাফির সঙ্গে কথোপকথনে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।