নেত্রকোনায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা সরকারি কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রকে দৃর্বৃত্তরা নৃসংশভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনা শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া এলাকার জজ মিয়ার পুত্র নিহত রুবেল খান (২২) শুক্রবার রাতের খাওয়া শেষে নিজ ঘরে পড়াশুনা করছিলেন।  রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়।
শনিবার সকালে জনৈক ব্যক্তি রুবেলের রক্তাক্ত দেহ নেত্রকোনা কোর্ট স্টেশনের প্লাটফর্মের পশ্চিম পাশে পড়ে থাকতে দেখে বাড়ীর লোকজনকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন রুবেলের লাশ বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুবেলের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।