মার্টিন গাপটিলের ২৩৭ রানের সুবাদে দাপটের সঙ্গেই সেমি-ফাইনালে পা রাখল সহ-আয়োজক নিউজিল্যান্ড। সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অপর দিকে বিদায় ঘণ্টা বাজল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে গাপটিল তাণ্ডবে ৩৯৩ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে খেলতে নেমে ২৫০ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ১৪৩ রানের বিশাল জয় পায় নিউ জিল্যান্ড। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস প্রথমে কিছুটা আশা জাগালেও সে যাত্রা দীর্ঘ হয়নি।
চারশ’ রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন ক্রিস গেইল। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ক্যারিবীয়দের শেষ রক্ষা হয়নি। ১০ ওভারের মধ্যে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাজটা ভীষণ কঠিন করে তুলেন বোল্ট। ৪৪ রানে চার উইকেট নিয়ে বাঁহাতি এই পেসারই নিউ জিল্যান্ডের সেরা বোলার।
দ্বিতীয় ওভারেই জনসন চার্লসকে বোল্ড করে বিদায় করেন বোল্ট। ষষ্ঠ ওভারে স্লিপে লেন্ডল সিমন্সকে গাপটিলের ক্যাচে পরিণত করেন তিনি। আর দশম ওভারে সবচেয়ে বড় আঘাতটা হানেন এবারের আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বোল্টের বলে ডিপ থার্ড ম্যানে ড্যানিয়েল ভেটোরির দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন স্যামুয়েলস। সীমানায় লাফিয়ে ৩৬ বছর বয়সীর এক হাতে তালুবন্দি করার দৃশ্যটি বিশ্বাসই হচ্ছিল না তার। সেই ওভারেই দিনেশ রামদিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বোল্ট। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অবিচল ছিলেন দলে ফেরা গেইল। অ্যাডাম মিলে্নর বলে বোল্ড হওয়ার আগে ৬১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ৩৩ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ২টি চার সমৃদ্ধ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউ জিল্যান্ড। ৮ বলে ১২ রান করে ফিরে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। গাপটিলের সঙ্গে ৬২ রানের সম্ভাবনাময় জুটি গড়ে ফিরে যান কেন উইলিয়ামসন। তবে তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ১৪৩ রানের জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ম্যাচ সেরা গাপটিল। রান আউট হয়ে টেইলরের বিদায়ে ভাঙে ১৩৫ বল স্থায়ী জুটি। টেইলরের বিদায়ের পর রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হয় নিউ জিল্যান্ড। শেষ ১৫ ওভারে ২০৬ রান সংগ্রহ করে বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা।