আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাদের অংশগ্রহণ সরকার প্রত্যাশা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘সরকার চায় বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে অগণতান্ত্রিক ধারা পরিহার করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক।’
শনিবার দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘সরকার চায় বিএনপি জোট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে অগণতান্ত্রিক ধারা থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক।’ গণতান্ত্রিক দেশ হিসেবে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত্ বলেও জানান তিনি।
আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে। এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত।সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্ব এখনো সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাদের অংশগ্রহণ নিয়ে কোনো কথা বলেনি।