সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেয়ার দাবি চিকিৎসকদের

 
 
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন এক হাজার ১০১ জন চিকিত্সক। শনিবার এক বিবৃতিতে সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিকিত্সকরা বলেন, একজন সজ্জন ব্যক্তি ১১ দিন ধরে নিখোঁজ থাকার পরও যখন সরকার অসত্য বক্তব্য দেয়, তখন স্বাধীন জাতি হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে যায়। তাকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।
 
বিবৃতিতে বলা হয়, ‘শুধু বাংলাদেশের জনগণ নয়, বিদেশি বন্ধুরাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সব ধরনের সহিংসতা বন্ধ করে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট  সমাধানের কথা বলছে। কিন্তু সরকার সেদিকে কান না দিয়ে দমন-পীড়নের মাধ্যমে গণ-আন্দোলন স্তব্ধ করার চেষ্টায় লিপ্ত। আমরা চিকিত্সক সমাজ শিগগিরই সব ধরনের সহিংসতা বন্ধ করার দাবি জানাচ্ছি।’
 

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন— অধ্যাপক ডা. এম এ মাজেদ, অধ্যাপক ডা. আ. বায়েস ভূঁইয়া, অধ্যাপক ডা. এম মবিন খান, অধ্যাপক ডা. খাদিজা বেগম, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।