ছাদ থেকে কলেজ ছাত্রকে ফেলে দিল প্রেমিকার বাবা!

ফরিদপুরের সালথায় ৩ তলা ভবনের ছাদ থেকে সোহাগ মোল্যা (২০) নামে এক কলেজ ছাত্রকে ফেলে দিলেন তার প্রেমিকার বাবা। শনিবার উপজেলার যুদনন্দী বাজার এলাকায় অবস্থিত নবকাম পল্লী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এতে সোহাগ গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহাগ গোপিনাথপুর গ্রামের রুস্তম মোল্যার ছেলে ও ওই কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবকাম পল্লী কলেজের ছাত্র সাহাগ মোল্যা দীর্ঘদিন ধরে মোকসেদপুর উপজেলার জাকিরার গ্রামের ফিরুজ মোল্যার মেয়ে ও একই কলেজের ছাত্রী লুৎফি আক্তারের সাথে প্রেম করে আসছিল। শনিবার দুপুরে প্রেমিকা লুৎফিকে নিয়ে কলেজের ৩ তলা ভবনের উপর বসে গল্প করছিল সোহাগ। এসময় প্রেমিকার বাবা ফিরুজ মোল্যা লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগকে ৩ তলা ভবনের ছাদ থেকে মাটিতে ফেলে দেয়।  পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 
যুদনন্দী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।