পুঁজিবাজারে সার্বিক মূল্য সূচক ও লেনদেন কমার প্রবণতা গেল সপ্তাহেও অব্যাহত রয়েছে। আগের সপ্তাহের মতো এ সপ্তাহেও লেনদেন ও সূচক কমায় বিনিয়োগকারীরা খুব হতাশ।
তথ্যে দেখা গেছে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ২৩ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২২ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৮ শতাংশেরও বেশি। এদিকে গেল সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য সূচক কমেছে প্রায় ৮৯ পয়েন্ট। আগের সপ্তাহে কমেছিল ১০৮ পয়েন্ট। এ সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১ দশমিক ২৯ শতাংশ, যা আগের সপ্তাহে কমেছিল ১ দশমিক ৪৫ শতাংশ।
সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৬০। যা আগের সপ্তাহশেষে ছিল ১৬ দশমিক ৮২ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও কমেছে ১ দশমিক ২৯ শতাংশ বা ০.২২ পয়েন্ট। সপ্তাহশেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭ দশমিক ৫১ পয়েন্টে, আর্থিক খাতের ৮ দশমিক ৩৬, প্রকৌশল খাতের ২০ দশমিক ৫৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ দশমিক ২৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১ দশমিক ৬৫, পাট খাতের ১৯৫ দশমিক ৭, বস্ত্র খাতের ১১ দশমিক ২৮, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৫১, সেবা ও আবাসন খাতের ৩৮ দশমিক ৮, সিমেন্ট খাতের ২১ দশমিক ৬২, তথ্যপ্রযুক্তি খাতের ১৫ দশমিক ৬২, বীমা খাতের ১৮ দশমিক ৩, বিবিধ খাতের ৩৩ দশমিক ৮৪ এবং টেলিযোগাযোগ খাতের ২৩ দশমিক ৫৭ পয়েন্ট।
এদিকে গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক এবং ওয়ান ব্যাংক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই জানিয়েছে, গত সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিন কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে বার্জার পেইন্টস ২২০ শতাংশ নগদ লভ্যাংশ, ব্র্যাক ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ওয়ান ব্যাংক ১২ দশমিক ৫ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।