আগামী রবিবার ক্যাম্প-ন্যুতে অনুষ্ঠিত হবে লা লিগার দ্বিতীয় পর্বের ‘এল ক্লাসিকো’। আর এই ম্যাচে বার্সেলোনা জিতবে বলে বিশ্বাস করেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
জার্মান সংবাদ সংস্থাকে বেকেনবাওয়ার বলেন, ‘বর্তমানে তাদের (বার্সেলোনার) অনেক উপাদান আছে যা রিয়াল মাদ্রিদের জয়ের বিপক্ষে কাজ করবে।’ বার্সেলোনার সম্ভাবনা দেখলেও রিয়ালের মজবুত রক্ষণের প্রশংসা করেন বেকেনবাওয়ার। আর এর সাহায্যে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগিও করতে পারে কার্লো আনচেলত্তির দল।
২০১৫ সালের শুরু থেকে পথ হারানো রিয়াল তাদের শেষ ১৬ ম্যাচের ৫টিতে হেরেছে। এর মধ্যে তারা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠতেও ব্যর্থ হয়। ইতোমধ্যে লিগের শীর্ষস্থানও হারিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ জেতা বার্সেলোনা আছে দুর্দান্ত ফর্মে।