চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার গণভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা আ.জ.ম নাছির উদ্দিনকে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। একই সাথে প্রধানমন্ত্রী চট্টগ্রামের দলীয় নেতৃবৃন্দকে আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
পরে শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীর চশমা হিলস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগের প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিনকে সর্বোচ্চ ভোটে জয়ী করে আনা হবে।’ তিনি বলেন, ‘দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে মেয়র পদে নির্বাচন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সংগঠনের সুকঠিন ঐক্য বজায় রেখে তাকে বিজয়ী করে আনা হবে।’
IMG0
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একটি স্বার্থান্বেষী চক্র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভেদ নিয়ে গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেবেন না।’ তিনি বলেন, ‘আমি মেয়র থাকাকালে যেসব কাজ সমাপ্ত করতে পারিনি, আ.জ.ম নাছির উদ্দিন ভাই মেয়র নির্বাচিত হলে সেগুলো তার মাধ্যমে সম্পাদন করে নগরবাসী শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি বিষয়ে নজর দেয়া হবে।’ তিনি জানান, আগামী ২৩ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিনকে চট্টগ্রামবাসীর দোয়া ও ভালোবাসা কামনায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে।