চট্টগ্রাম আওয়ামী লীগের ‘কাণ্ডারী’ নাসির

চট্টগ্রাম আওয়ামী রাজনীতির কান্ডারী হিসেবে নতুনভাবে স্বীকৃতি পেলেন আ.জ.ম নাছির উদ্দিন। রাজনীতির অনেক চোরাবালি ডিঙ্গিয়ে আওয়ামী লীগের সদস্য থেকে দুই বছর পূর্বে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। আর আজ তাকে নগর পিতার দলীয় মনোনয়ন দিয়ে নগর আওয়ামী লীগের আগামী দিনের মূল নেতৃত্ব দেয়ার স্বীকৃত দেয়া হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আ.জ.ম নাছির উদ্দিন ইত্তেফাকের কাছে তার প্রতিক্রিয়ায় বলেছেন, মানুষের জন্য কাজ করার যে ব্রত নিয়ে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম আজ তার স্বীকৃতি পেলাম। তিনি বলেন, জনগণের সেবা করার জন্য চট্টগ্রামবাসীর রায় প্রত্যাশা করি।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি শুরু করে কলেজ পর্যায়েই ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে প্রতাপের সাথে পথচলা শুরু হয়। ১৯৮০-৮১ সালে দুই দফায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির নেতৃত্বকালীন ছাত্রলীগের তবারক হত্যাসহ অনেক নির্মম ঘটনার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আ.জ.ম নাছির উদ্দিন। রাজনীতির আশীর্বাদ পেতে চট্টগ্রামে আওয়ামী রাজনীতির শীর্ষ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। চট্টগ্রামে আশির দশকে দ্বিধাবিভক্ত রাজনীতির মাঠে আখতারুজ্জামান বাবুর প্রধান সিপাহশালার ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনসহ দলীয় রাজনৈতিক নেতৃত্বের অনেক উত্থান পতনে সক্রিয় ভূমিকা পালনকারী আ.জ.ম নাছির উদ্দিন চট্টগ্রামের রাজনীতিতে নিজেকে তুলে ধরেন।
তত্কালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা ও চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এরশাদ বিরোধী আন্দোলনে আ.জ.ম নাছিরের ভূমিকা আন্দোলনকে অনেক বেগবান করেছিল। বিশেষ করে নগরীর কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে নিজস্ব বলয় গড়ে তুলেন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, ফতেয়াবাদ কলেজসহ নগর ছাত্র রাজনীতিতে বিরাট অংশ তার দিক-নির্দেশনায় পরিচালিত হয়। ছাত্র রাজনীতিতে নিজস্ব বলয় সৃষ্টিই মূলত আ.জ.ম নাছির উদ্দিনের রাজনৈতিক উত্থানের মূল শক্তি হিসেবে কাজ করে। ছাত্রলীগের সেই তুখোড় সংগঠক আ.জ.ম নাছিরকে যুবলীগ কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে হোঁচট খেতে হয়েছে।
নাছিরের পক্ষে কাজ করতে মহিউদ্দিন চৌধুরীর ঘোষণা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার গণভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা আ.জ.ম নাছির উদ্দিনকে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। একই সাথে প্রধানমন্ত্রী চট্টগ্রামের দলীয় নেতৃবৃন্দকে আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। নেতৃবৃন্দও প্রার্থীর পক্ষে কাজ করার কথা নেত্রীকে জানান। মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা দেন। চট্টগ্রাম সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকদিন পূর্ব থেকে অন্তত ৪ জন প্রচারণা চালিয়ে আসছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের বিভিন্ন পর্যায়ে লবিং-তদ্বির চালিয়ে আসছেন। এদের মধ্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আ.জ.ম নাছির উদ্দিন মনোনয়ন পান।
‘সর্বোচ্চ ভোটে জয়ী করানো হবে নাছির উদ্দিনকে’
এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগের প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিনকে সর্বোচ্চ ভোটে জয়ী করে আনা হবে। তিনি বলেন, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে মেয়র পদে নির্বাচন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সংগঠনের সুকঠিন ঐক্য বজায় রেখে তাকে বিজয়ী করে আনা হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, একটি স্বার্থান্বেষী চক্র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভেদ নিয়ে গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেবেন না। তিনি বলেন, আমি মেয়র থাকাকালে যেসব কাজ সমাপ্ত করতে পারিনি, আ.জ.ম নাছির উদ্দিন ভাই মেয়র নির্বাচিত হলে সেগুলো তার মাধ্যমে সম্পাদন করে নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি বিষয়ে নজর দেয়া হবে। তিনি জানান, আগামী ২৩ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিনকে চট্টগ্রামবাসীর দোয়া ও ভালোবাসা কামনায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
এবিএম মহিউদ্দিন চৌধুরী গতকাল শনিবার দুপুরে নগরীর চশমা হিলস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ওপরের কথাগুলো বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী, গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে বিশ্বাসী। ক্ষমতার জোরে প্রশাসনকে নির্বাচনে ব্যবহারের নীতিতে বিশ্বাস করে না। যারা এখনো বোমা সন্ত্রাস করে যাচ্ছে তাদেরকে অবিলম্বে জঙ্গিদের সাথে সম্পর্ক ছিন্ন করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের জনগণও বোমাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান জাতীয় ক্রান্তিকাল পেরোতে চট্টগ্রামের আওয়ামী লীগ আজ আরো বেশি ঐক্যবদ্ধ।