ক্ষমতায় যেতে হলে নারী ও শিশুকে যথাযথ সম্মান প্রদর্শন করেই যেতে হবে। তাদের পুড়িয়ে মেরে কেউ ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আন্দোলনের নামে চলমান এই সহিংসতায় নারী ও শিশুরাই সবচেয়ে বেশি শিকার হচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগে মানবতা তারপর ক্ষমতা। কতিপয় বিচ্ছিন্ন ও ধর্মান্ধ লোকের সহচার্যে বেগম খালেদা জিয়া নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক কনিকা দাস, পৌর সভাপতি আমিরুন্নেসা প্রমুখ।