বাংলাদেশ বিশ্বকাপ জিতে ফিরছে না। ট্রফি জেতা তো দূরে থাক, সেমিফাইনালেও যেতে পারেনি। কিন্তু সামান্য এই ট্রফি আর জয়-পরাজয়ের তথ্য দিয়ে কী আর এবারের বাংলাদেশের বিশ্বকাপ অভিযান বোঝা যাবে!
এটা বাংলাদেশের সফলতম বিশ্বকাপ অভিযান।
হ্যাঁ, ইতিহাসের সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে আজ দেশে ফিরছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকালই মেলবোর্ন থেকে রওনা দিয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ বিমানযাত্রা শেষ করে আজ সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। আর সেখানেই এই বীরদের বরণ করে নিতে প্রস্তুত থাকবেন সমর্থক ও কর্মকর্তারা।
বেশিরভাগ ক্রিকেট কর্মকর্তা যেহেতু দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই ছিলেন, তাই স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়া কর্মকর্তার সংখ্যা হয়তো একটু কমই হবে। কিন্তু কমতি থাকবে না ভক্তদের উপস্থিতির। ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে মানুষ একত্রিত হতে শুরু করেছেন। আগামীকাল নিজেরা একত্রিত হয়ে অভিনন্দন জানাতে চান ক্রিকেটারদের। এর বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এই স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবে। ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বললেন, ‘বাংলাদেশ যে পর্যন্ত গেছে এবারের বিশ্বকাপে, তা আমরা আসলেই কল্পনা করতে পারিনি। ওদের এই পারফরম্যান্স পুরো দেশবাসীর মতো আমাদের গর্বিত করেছে। তাই বীরের মতোই ওদের বরণ করে নেয়া উচিত।’