জয়ে ফিরল ম্যান সিটি

 
টানা দুইটি পরাজয়ের পর জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রুমকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার ইতিহাদে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের স্ট্রাইকার উইলফ্রেদ বোনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার গ্যারেথ ম্যাকঅলি। এতে প্রথমেই চাপে পড়ে যায় ওয়েস্ট ব্রুম। ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে ম্যানচেস্টার সিটি। ডি বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন কোত দি ভোয়ার স্ট্রাইকার বোনি।
৩১তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক  হেসুস নাভাসের  একটি শট ঠেকিয়ে দেন। তবে ৪০ তম মিনিটে আবারো গোলের দেখা পায় ম্যানচেস্টার।  খুব কাছ থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ফের্নান্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
৫৮তম মিনিটে সের্হিও আগুয়েরোর একটি শট ও ৭২তম মিনিটে ওয়েস্ট ব্রুমের স্ট্রাইকার সাইডু বেরাহিনোর হেড গোলপোস্টে লেগে লাগে। ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০ করে ম্যানচেস্টার। ডি বক্সের সীমানা থেকে ফরোয়ার্ড স্তেভান ইয়োভেতিচের নিচু শটে হালকা পা ছুঁইয়ে বল জালে জড়ান দাভিদ সিলভা।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৩০ ম্যাচে বেড়ে হলো ৬১। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট হলো ৬৪, তবে ২ ম্যাচ কম খেলেছে তারা।