ড্যান্ডি ডায়িং ঋণ খেলাপি মামলা

খালেদা জিয়া ও কোকোর স্ত্রী-মেয়েদের ১২ এপ্রিল হাজিরের নির্দেশ

 
ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েদের ১২ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের স্বাক্ষরিত সমন রবিবার খালেদা জিয়াসহ নতুন বিবাদীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।
আরাফাত কোকো মারা যাওয়ায় মামলার বাদীপক্ষ সোনালী ব্যাংকের আবেদনে গত ১৬ মার্চ কোকোর জায়গায় নতুন করে খালেদা ও তার ছেলের স্ত্রী ও দুই মেয়েকে বিবাদী করে আদালত। তাদের বিবাদী করার পর আজ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সমন পাঠানো হয়েছে। সেখানে তিনি আড়াই মাস ধরে অপেক্ষা করছেন।
আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, অর্থঋণের মামলায় কোনো বিবাদী মারা গেলে তার সম্পত্তির উত্তরাধিকারীদের বিবাদী হিসাবে স্থলাভিষিক্ত করার নিয়ম রয়েছে। সেই বিধান অনুযায়ী কোকোর জায়গায় তার মা খালেদা জিয়া,  স্ত্রী শার্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে বিবাদী করার আবেদন করেছিলেন তারা।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অর্থ ঋণ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা বেগম ও কাজী গালিব অহমেদ।