টানা তিন ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতে দিয়েগো সিমিওনের দল। আগের তিন ম্যাচে সেভিয়া, ভালেন্সিয়া ও এসপানিওলের সঙ্গে ড্র করেছিল আতলেতিকো।
শনিবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে তৃতীয় মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন তোরেস। কোকের বোড়ানো বল লক্ষ্যে পৌঁছে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ম্যাচের ৪৪তম মিনিটে রাউল হিমেনেসের হেড দিয়ে নামিয়ে দেওয়া বল মাপা শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিয়াগো মেন্দেস।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও এবার আর পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটতে হয়নি আতলেতিকোকে।
এই জয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে রয়েছে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫ এবং রিয়াল মাদ্রিদ ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬০।