দক্ষিণ কোরিয়ার একটি ক্যাম্পিং সাইটে রবিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু ও আরো ২ জন আহত হয়েছে।
দমকল কর্মীরা জানান, দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী ইঞ্চিয়োনের কাছে একটি দ্বীপের সৈকতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যারা মারা গেছেন তারা সকলেই দু’টি পরিবারের সদস্য। এ সময় তারা ঘুমিয়ে ছিলেন।
গ্যাংওয়া দ্বীপের দমকল বিভাগের প্রধান রিউ হাওয়ান-হেইয়োং সাংবাদিকদের বলেন, ‘মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁবুটি ভষ্মীভূত হয়ে যায়।’
আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে দমকল কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তারা মনে করছেন, বৈদ্যুতিক স্লিপিং ম্যাট ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দু’জনের মধ্যে একজনের বয়স ৪৩ বছর। তার নাম পার্ক। তিনি কাছের আরেকটি তাঁবুতে শুয়ে ছিলেন।
তিনি বার্তা সংস্থা ইয়োনহাপকে বলেন, ‘আমি আগুনের কারণে ঘুম থেকে জেগে উঠেছি। আমি আমার তাঁবু থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। এ সময় আমি একটি ছেলেকে জ্বলন্ত তাঁবুতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি তাকে নিরাপদে সরিয়ে নেই। কিন্তু অন্যদের সরিয়ে নেয়ার কোন সুযোগ ছিল না।’
ছেলেটি পুড়ে গেছে এবং ধোঁয়ার কারণে তার শ্বাস কষ্ট হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর এএফপি।