নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত চাইলেন স্ত্রী হাসিনা আহমেদ। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই অস্বীকার করুক, সালাহ উদ্দিন আহমেদকে তারাই তুলে নিয়ে গেছে’ বলে হাসিনা আহমেদ আবারো অভিযোগ করেন। তিনি বলেন, ‘এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাকে খুঁজে বের করে দেয়া।’
হাসিনা আহমেদ বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদেকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফেরত চাই। আমার স্বামীকে দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ দাবি করছি।’
হাসিনা আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১২ দিন আগে আমার স্বামীকে যে অবস্থায় নিয়ে গেছে, ঠিক সেভাবে যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে যায়। দেশের সব মহল সোচ্চার হলে আমার স্বামীকে ফিরে পাব। আমার সন্তানেরা তার বাবাকে ফিরে পাবে।’
তিনি আরো বলেন, ‘আমি এবং আমার সন্তানরা অস্থির সময় কাটাচ্ছি। আমি আমার স্বামীর সন্ধান চাই। আর এ জন্য দেশবাসীর সহায়তা চাই। সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধান মিলছে না। বিএনপির দাবি—দলের অপর নেতা ইলিয়াস আলী খানের মতো সালাহ উদ্দিন আহমেদকেও অপহরণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে প্রথম থেকেই সালাহ উদ্দিন আহমেদের পরিবার থেকে দাবি করা হচ্ছে, সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে।