বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত : কামরুল

 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন , একটি গোষ্ঠী  দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে।
 
রবিবার সকালে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের দেওয়া হরতাল-অবরোধের কারণে এসএসসি পরীক্ষা এখনো শেষ হচ্ছে না। তারা আগুন নিয়ে  খেলছে, আগুন দিয়ে মানুষ মারছে এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনীতিতে ফিরে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপিকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব ও ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।