২ মামলায় জামিন পেলেন আলাল

 
 
 
 
 
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে দুটি মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

গত ২৪ ডিসেম্বর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাজিরা দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষর ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা করে। এ মামলায় তাকে ওই দিনই গ্রেফতার করে পুলিশ। পরে নিম্ন আদালতে জামিন চাইলে তা নামঞ্জুর করা হয়। ওই জামিন আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আলাল। তার পক্ষে অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ও রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. বশিরউল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আলালকে জামিন দেয়। হাইকোর্টের জামিন আদেশের ফলে আলালের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী লিয়ন।