‘এস্টাব্লিশ এন্ড প্রোমোট এ সাসটেইনেবল সাপ্লাই চেইন ফর সেইফ প্রোডিউস ইন ঢাকা’ প্রকল্পে ২৮ লাখ টাকা অনুদান সংক্রান্ত ক্যাটালিস্ট ও ডাইরেক্ট ফ্রেশ লি. এর মধ্যে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ডাইরেক্ট ফ্রেশ মানিকগঞ্জের ২০০০ কৃষককে ফল-মূল ও সবজি উৎপাদনে কীটনাশক প্রয়োগ, পর্যবেক্ষণ, সংরক্ষণ ও কারিগরি সহযোগিতা এবং ঢাকা ভিত্তিক খুচরা ও পাইকারী বাজারজাত করণে সরাসরি সংযোগ স্থাপনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
প্রকল্পটি কৃষকের উৎপাদিত পণ্যের লোকসান হ্রাস ও মার্জিন বৃদ্ধি নিশ্চিত করণসহ মাটি পরীক্ষাণান্তে ফসল নির্বাচনে প্রযুক্তি ব্যবহার করার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নীতি প্রণয়নের গুরুত্ব এবং ভোক্তাদের নিকট রাসায়নিকমুক্ত নিরাপদ ও খাদ্যোপযোগী পণ্য সম্পর্কে সচেতনতাবৃদ্ধি পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাইরেক্ট ফ্রেশলিঃ এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মিশাল করিম বলেন, এটা একটি প্রথম উদ্যোগ যাতে বিভিন্ন স্কেলে প্রাতিষ্ঠানিক চাহিদা পূরণে সহায়ক হবে। ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, হাসপাতাল, হোটেল-রেস্টুরেন্ট, স্কুল, খুচরা ও কর্পোরেট ক্যান্টিনে কাঙ্খিত নিরাপদ কৃষিপণ্য সরবরাহ করা সম্ভব হবে।
ক্যাটালিস্ট এর সিনিয়র বিজনেস কন্সালটেন্ট তানভির সিফাতবলেন, আমরা আশা করছি কৃষক এই প্রকল্পে অংশ গ্রহণ করার মাধ্যমে অনুধাবন করবেন যে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন অধিকতর লাভজনক ও এর চাহিদা ব্যাপক, তখন তারা উদ্বুদ্ধ হবেন এবং পরবর্তীতে দেশব্যাপী নিরাপদ কৃষিপণ্য উৎপাদন পদ্ধতিতে একটি বিপ্লব শুরু হবে।
ক্যাটালিস্ট একটি বাজার উন্নয়ন প্রকল্প সেবা এবং সহায়তা, ধারণা ও পণ্য বাজার সংশ্লিষ্ট সুবিধা প্রদানের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাজার প্রতিযোগিতা বৃদ্ধিতে সহযোগিতা করে। দাতাসংস্থা এসডিএস, ডিএফআইডি, ডানিডার সহযোগিতায় ক্যাটালিস্ট প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় সুইস কন্টাক্ট এর মাধ্যমে পরিচালিত হয়।
নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও সরবরাহকার্যে ডাইরেক্ট ফ্রেশ নিয়োজিত। ডাইরেক্ট ফ্রেশ স্থানীয়ভাবে সংগৃহীত এবং আমদানীকৃত পচনশীল ও অপচনশীল খাদ্যদ্রব্য ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান, খুচরাও পাইকারী ব্যবসায়ী এবং ভোক্তাদের নিকট সরাসরি সরবরাহ করে থাকে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার মারকুস এহমাম, ডিভিশন হেড অব সেক্টর সজিভি বানজারা, ডাইরেক্ট ফ্রেশের ডাইরেক্টর অপারেশনস এডওয়ার্ড বারনট, হেড অব ওয়ার হাউজ অপারেশনস ওমর আরিফ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি।