ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ কুমিল্লার মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান (৬৪) চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যুর পর তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় নিজ বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.ন.ম নাজিম উদ্দিন ও বুড়িচং থানা পুলিশের একটি দল রাষ্ট্রের পক্ষে ৭১’র এই বীর সেনানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুস ছালাম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বলিলুর রহমান, মুক্তিযোদ্ধা হাকিম আলী, মুক্তিযোদ্ধা নবীনেওয়াজ মেম্বার, সাহেব আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ শতশত মানুষ জানাজায় অংশ নেন।
প্রসঙ্গত, শুক্রবার (২০ মার্চ) ভোরে ফেনীর দাগনভূইয়া উপজেলার মাতুভূইয়া ব্রিজের উপর মাছ বোঝাই পিকআপে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় গাড়ির চালক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খানসহ আরও ৪ জন দগ্ধ হয়।
আহতদের ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান এর অবস্থার অবনতি হলে ২১ মার্চ (শনিবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।