রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল নিক্ষেপ

 
রাজধানীতে রবিবার সন্ধ্যার দিকে পৃথক স্থানে দু’টি স্থানে বাসে ককটেল নিক্ষেপ ও অগ্নি সংযোগ করেছে হরতাল সমর্থকরা। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন ও একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মৈত্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তেজগাঁও মহিলা কলেজের সামনে হরতাল সমর্থনকারীরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মৈত্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে হরতাল সমর্থনকারীরা। ককটেলটি পেছনের চাকার কাছে লাগার কারণে কেউ হতাহত হয়নি বলে বাসে এক যাত্রী জানিয়েছে।