রাজধানীতে গৃহবধু ও যুবকের আত্মহত্যা

 
রাজধানীতে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে রাজধানীর মিরপুর ও তুরাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
মিরপুর থানা সূত্র জানায়, মিরপুর-১ এর মধ্য পাইকপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুমি আক্তারের শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চরমাইরা গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত সুমির স্বামীর নাম সুজন মিয়া। সকালে স্বামী সুজন মিয়ার সঙ্গে সুমি আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী বাহিরে চলে যান। দুপুরে বাসায় ফিরে ঘরের দরজা ধাক্কা দিলেও না খোলায় সুজন জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সুমি আক্তারকে। পরে তিনি পুলিশে খবর দেন। দুপুর আড়াইটায় পুলিশ গিয়ে ৯৭/১ নম্বর বাসা থেকে সুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 
অপরদিকে, সকাল ১০টায় তুরাগ এলাকায় মাহবুবুল আলম আরজু (২৯) নামে এক যুবক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাহবুবুল আলম আরজু কাজী খয়েজ আহমদ ছেলে। তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।
তুরাগ থানা সূত্র জানায়, আরজু তুরাগের বাউনিয়া পূর্বপাড়ার এ ব্লকের ৩২ নম্বর বাসায় পরিবারে সঙ্গে বসবাস করতেন। গতকাল সকালে আরজুর পরিবারের লোকজন তার রুমের দরজা নক করলেও না খুললে ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা আরজুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর ১টায় মাহবুবুল আলম আরজুর লাশ উদ্ধার করে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি আরজুর পরিবার।