নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘নির্দলীয়’ মেয়র প্রার্থী ঘোষণার পরদিনই গতকাল রবিবার জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের ‘বিশেষ উপদেষ্টা’র পদ হারালেন ববি হাজ্জাজ। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশেষ উপদেষ্টার পদ হারানোর কিছুক্ষণ আগেই গতকাল নির্বাচন কমিশন থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ববি। পদ হারানোর পর তিনি ইত্তেফাককে বলেন, ‘এতে আমার রাজনৈতিক কোনো ক্ষতি হয়নি। কারণ আমার পদটি জাপার সাংগঠনিক কোনো পদ নয়। তবে চাচার (এরশাদ) জন্য একটু মন খারাপ হয়েছে, কারণ তিনি হয়তো কষ্ট পেয়েছেন। আশা করছি কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। আর শেষ পর্যন্ত নির্বাচন করতে পারব কি না, সেটি সময়ই বলে দেবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ উপদেষ্টা জাপার কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয়। ববি হাজ্জাজকে জাপা চেয়ারম্যান শুধু বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়ায় জাপার সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’