শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে তরিকুল আলম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিরাব রাতে উপজেলার ওহেদপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে।
ওহেদপুর বিওপির কমান্ডার সুবেদার মোহাঃ আবু তাহের জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের ৩ কিঃ মিঃ অভ্যান্তরে  ভারতের চাঁদনীচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তরিকুলকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত হয়ে পালিয়ে আসে এবং রাত ১২টার  দিকে নিজ বাড়িতে মারা যায়।
এলাকাবাসী জানান, তরিকুলসহ ছয়জন প্রায় এক মাস আগে হরেকমালের ব্যাবসা করতে চোরাইপথে ভারতে যায় এবং রবিরাব রাতে চাঁদনীচক ক্যাম্প এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করলে তরিকুলের নাভীর নিচে লাগে। গুরুতর আহতাবস্থায় সঙ্গীরা তাকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে রাত ১২টার দিকে মারা যায়।