গতকাল রবিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে দুটি শিশুকে কাঁদতে দেখে পথচারী ও স্থানীয় লোকজন তাদের আদর করে কাছে টেনে নেন। নাম ঠিকানা জানতে চাইলে একজনের নাম কুলসুম (৮) পিতার নাম বাচ্চু, মায়ের নাম মনি খাতুন, বাড়ি ময়মনসিংহের চর এলাকায়, অপরজনের নাম নাসরীন বয়স (৭) বাবার নাম নুর হুসেন, মায়ের নাম হাফসা খাতুন, বাড়ি ময়মনসিংহের পরানগঞ্জ এলাকায় বলে জানায় তারা। গ্রাম ও ইউনিয়নের নাম বা বাড়িতে যাওয়ার ঠিকানা এসব কিছুই বলতে পারেনি শিশুরা। কোথা থেকে এসেছে জানতে চাইলে কাঁদতে কাদঁতে বলে: আমরা দু’জন ঢাকায় গুলশানে একটি বাসায় কাজ করতাম। বাসার ম্যাডাম আমগোরে খালি মারে’ বলে কুলসুম তার হাতের কাটাপোড়া আঘাতের চিহ্ন ও শরীরের দাগগুলো উপস্থিত লোকজনদেরকে দেখায়।
গতকাল সকালে তারা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা ট্রেনে করে গফরগাঁওয়ে এসেছে বলে জানায়। যে বাসায় কাজ করছিল সেই বাসার মালিকের নাম জানা নেই মালিকের স্ত্রীর নাম নাসিমা বলে জানায় তারা। শিশু দুটি গফরগাঁও মধ্যে বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী রুহী মিয়ার আশ্রয়ে আছে। গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা শিশু দুটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পৌঁছে দিতে পরামর্শ দেন।