বগুড়ার সোনাতলায় এবার গমের বাম্পার ফলন হয়েছে। তবে বাজার মূল্য কম হওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
গত মৌসুমে সোনাতলায় মোট ৪৫০ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছিল। সেবার বাজারে গমের মূল্য বেশ ভাল ছিল বলে কৃষকেরা খুশি ছিলেন। এ কারণে গতবারের চেয়ে এবার গমের আবাদ বেশি করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দীন সরদার জানান, সোনাতলা পৌর এলাকা, তেকানী চুকাই নগর, মধুপুর, পাকুল্যা, জোড়গাছা, দিগদাইড়, বালুয়া ও সোনাতলা সদর ইউনিয়নে এবার ৩ হাজার ৮২৫ জন কৃষক প্রায় ৫১০ হেক্টর জমিতে গমের আবাদ করেছে। সবচে বেশি করা হয়েছে তেকানী চুকাই নগর, পাকুল্যা ও মধুপুর ইউনিয়নে।
তিনি আরো জানান, গমের জাতের মধ্যে রয়েছে শতাব্দী, গৌরব,সৌরভ, প্রভাতী, প্রদীপ ও বাড়ি-২৫,২৬। ফসলটির জন্য আবহাওয়া ছিল অনুকূলে। রোগ বালাই ছিল না বললেই চলে। তাই এবার গমের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে গম উৎপাদন হয়েছে ১০-১১ মণ।
কৃষক ইব্রাহিম হোসেন ও ছানোয়ার হোসেন জানান, এবার প্রতি বিঘা জমিতে ৮-৯ মণ গম উৎপাদন হয়েছে।
বর্তমান বাজারে ৮০০ টাকা মণ দরে গম বিক্রি হচ্ছে। কৃষকরা মনে করেন উৎপাদন ব্যয় হিসেবে গমের বাজার দর কম। সে হিসেবে আশানুরুপ লাভবান নন কৃষকরা।
বর্তমানে গমের কাটা-মাড়াই চলছে পুরোদমে। তাই কিষাণ-কিষাণীরা এখন গম কাটা-মাড়াই কাজে ব্যস্ত।