চট্টগ্রাম ও রাজশাহীতে দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয় ৷ সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫’ এবং ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজসহ আঞ্চলিক মেডিকেল কলেজগুলো এই দুটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি ৷
গত বছর নভেম্বরে এক অনুষ্ঠানে দেশে দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।