নির্বাচনে মানুষের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা জরুরি: ইডব্লিউজি


আসন্ন সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে, সেই আস্থা ফিরিয়ে এনে মানুষের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মত ব্যক্ত করা হয়।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ মনে করছে, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ ও এরপর উপজেলা নির্বাচনের পর সার্বিক নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে। এ বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শন প্রয়োজন।
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের পরিচালক মো. আব্দুল আলীম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্রে নির্বাচনের অপরিহার্য ভূমিকার কারণে ইডব্লিউজি সব ধরনের নির্বাচনকে স্বাগত জানায়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। প্রার্থী ও ভোটাররা যেন নির্ভয়ে থাকতে পারে, এজন্য নির্বাচন কমিশনকে ব্যাপকভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।
সংবাদ সম্মেলনে নারী ভোটারদের ভোট গ্রহণে নারী কর্মকর্তা নিয়োগ, নির্বাচন কেন্দ্রে বাধ্যতামূলক পোলিং এজেন্ট নিয়োগসহ মোট ১১ দফা সুপারিশ করা হয়।