প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক সিঙ্গাপুরের জনক ও স্থপতি লি কুয়ান ইউ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন লং-এর কাছে প্রেরিত এক শোক বার্তায় বলেন, লি কুয়ান তার নেতৃত্ব ও কর্মকাণ্ডের জন্য কেবল সিঙ্গাপুরের নাগরিকদের কাছে নয়, সারাবিশ্বেও স্মরণীয় হয়ে থাকবেন।
লি সিঙ্গাপুরকে এশীয়ান টাইগারে পরিণত করতে উন্নয়নের যে পথ নিদের্শনা দিয়েছেন, তা আমাদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।
নিজ দেশের স্বাতন্ত্র্যের রূপকার ও গোটা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী লি কুয়ানকে আগামী দিনগুলোতে একজন বীর, একজন নেতা ও সর্বোপরি একজন অসামান্য নাগরিক হিসেবে স্মরণ করা হবে।
বাংলাদেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াতের পরিবারের সদস্যবর্গ ও সিঙ্গাপুরের জনগণের প্রতি সমবেদনা এবং অপূরণীয় এ ক্ষতি বহনের শক্তি ও সহিষ্ণুতা প্রদানের প্রার্থনা জানান। খবর বাসস।