হাটখোলা সীমান্তে চাষীদের জমি ফেরত দিল বিএসএফ

জয়পুরহাটের হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিয়েছে ভারতীয়  সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সীমানা সোজা করার নামে  ২১ জানুয়ারি ঐ জমি জোর পূর্বক দখল করে নিয়েছিল  বিএসএফ। 
সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর চাষীদের জমি ফেরত দেয়া হয় বলে জানা গেছে।  
বিজিবি ও প্রতক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় হাটখোলা সীমান্তের ২৮০ নং মূল পিলারের ১০ নং সাব পিলারের নিকটে এক পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে কর্নেল আব্দুর রাজ্জাক এবং ৭৫ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার রুপিন্দ্র। এ সময় তাদের সাথে বিজিবি ও বিএসএফ-এর অফিসারগণ ও উভয় দেশের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। 
বৈঠক শেষে বিবাদমান জমি সার্ভে করার পর বিএসএফ কর্তৃক দখলকৃত জমি থেকে নতুন সীমানা (আইল) ভেঙ্গে অপসারণ করা হয়। পরে ঐ জমির মালিককে দখল বুঝে দেয়া হয়। 
এদিকে, বিএসএফ কর্তৃক দখল করে নেয়া আবাদি জমি ফেরত পেয়ে বিজিবি ও দৈনিক ইত্তেফাকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচনা সোনাতলা গ্রামের হাফিজ উদ্দীন মন্ডলসহ উচনা সোনাতলা গ্রামবাসী। 
উল্লেখ, গত ২১ জানুয়ারি  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ  হাটখোলা সীমান্তের  উচনা সোনাতলা মৌজার ২৮০ নং  মূল  পিলারের  ১০ নং সাব পিলার থেকে ১২ নং সাব পিলার পর্যন্ত স্টিপ ম্যাপ অনুযায়ী  পিলার টু পিলার সোজা করতে গিয়ে  বাংলাদেশি গরীব  চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি দখল করে নেয়।