একাত্তরের ২৫ মার্চের কালরাত এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী বুধবার মুক্ত আলোচনা, আলোক প্রজ্জ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী এবং বৃহস্পতিবার পতাকা মিছিল ও স্বাধীনতা কনসার্ট।
সোমবার মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার বিকাল ৪টায় শাহবাগে ‘বিচারহীনতার সংস্কৃতি, মৌলবাদের উত্থান: আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
ড. অজয় রায়ের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ড. আবুল বারকাত। সন্ধ্যায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত ‘আলোক প্রজ্জ্বলন’ এবং সন্ধ্যার পর মুক্তিশিখা ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘সেই রাতের কথা’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পরদিন বৃহস্পতিবার বিকাল ৪টায় স্বাধীনতা দিবস উদযাপনে সমাজের জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শাহবাগ থেকে পতাকা মিছিল, মিছিলশেষে শাহবাগে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। এতে দেশের প্রখ্যাত ব্যান্ড শিল্পীরা অংশগ্রহণ করবেন।