ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক। অন্যদিকে এই সিটি করপোরেশনে নির্বাচনের জন্য দলের সমর্থন না পেলেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী সাবেক সংসদ সারাহ বেগম কবরী। অন্যদিকে বিএনপি ভোটে আসার আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে লড়তে আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক। ঢাকার সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহও এ সময় তার সঙ্গে ছিলেন। রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর আনিসুল সাংবাদিকদের বলেন, ঢাকাবাসীকে সেবা দেয়ার জন্য স্বপ্নের মতো আমার হাতে একটি সুযোগ এসেছে। আমরা চাই একটি সুন্দর সুংগঠিত ঢাকা। নাগরিক সেবামূলক, সুশাসনের ঢাকা।
সমর্থন দেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে সমর্থন দেয়ার বিষয়ে হয়তো একটি বিষয় কাজ করেছে, আমি যে প্রতিষ্ঠানে গেছি সেখানেই কাজ করেছি। যে কাজগুলো আমরা আগে করে এসেছি, সে কাজগুলোকেই যদি আরেকটু বড় করে ছড়িয়ে দিতে পারি, আমি মনে করি এতে ঢাকার নাগরিকদের জন্য কিছুটা বাড়তি সুবিধা আমরা এনে দিতে পারব। ভোটারদের বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে দায়িত্ব পালনের সুযোগ চান মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক।
এদিকে ঢাকা উত্তর থেকে নির্বাচনে অংশ নিতে রবিবারই প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান নারায়ণগঞ্জের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। আওয়ামী লীগ এ নির্বাচনে আনিসুল হককে সমর্থন দেয়ায় কবরী লড়বেন স্বতন্ত্র হিসাবে।