নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীকে কুমিল্লায় আটক করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, ঢাকার ডেমরা থানার শারুলিয়া গ্রামের বাহাদুর বিশ্বাসের পুত্র রহম আলী (৪০) কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজার এলাকায় অবস্থান করছে মর্মে বুড়িচং থানা পুলিশের কাছে খবর আসে। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, গোপন সূত্রে পাওয়া এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহম আলীকে আটক করেছে।
রাত সোয়া সাতটার দিকে ওসি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা ডিবি’র ওসি মামুনুর রশিদ আটক আসামি রহম আলীকে নেয়ার জন্য কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয়েছেন। তিনি এলে ওই আসামিকে তার নিকট হস্তান্তর করা হবে।