বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মিছিল করেছে ছাত্রদল। সোমবার সকালে এ পৃথক দুইটি মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টার দিকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সামসুল আলম রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও আমির আমজাদ মুন্নার নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি আজিজ কো অপারেটিভ সুপার মার্কেটের সামনে পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে সকাল ৮টার দিকে ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও হরতালের সমর্থনে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির বুয়েট শাখা।
ছাত্রদলের বুয়েট শাখার সভাপতি মুসাব্বির শাফির নেতৃত্বে মিছিলটি বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মিছিলটি বুয়েট শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে পৌঁছালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।