মাগুরার মালিক গ্রামে শোকের মাতম

মাগুরার মালিক গ্রামে চলছে শোকের মাতম। পেট্রোল বোমায় এই মালিকগ্রামে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। অন্যরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের সংসার চলবে কীভাবে? এই প্রশ্ন নিহত ও আহতদের পরিবার-পরিজনের।

মাগুরা-যশোর সড়কে মাগুরা সদর উপজেলার মঘী’র ঢাল নামক স্থানে শনিবার রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে রওশন আলী, শাকিল, মতিন বিশ্বাস নামে তিনজন বালু শ্রমিক ঢাকা মেডিক্যালে মারা গেছেন। নিহত রওশন আলী, শাকিল, মতিন বিশ্বাস সম্পর্কে  চাচাতো ভাই ও একই বাড়ির। এই গ্রামের আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের, ইলিয়াস নামে দগ্ধ ৭ জন ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। দরিদ্র পরিবারগুলো কিভাবে বাঁচবে তা নিয়ে পরিবারগুলো চিন্তিত হয়ে পড়েছে। তাদের সম্পদ বলে কিছু নেই।

রওশন আলীর স্ত্রী শুরননেছা তিন ছেলে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। বড়ছেলে সাব্বিরের বয়স ১০ বছর, ইসরাইলের বয়স ২ বছর এবং ছোটছেলে ইব্রাহিমের বয়স মাত্র ১০ মাস। নিহত মতিন বিশ্বাসের রয়েছে দেড় বছরের এক শিশুকন্যা। আহত ইলিয়াসের স্ত্রী দেলেনা খাতুন জানান, তিনি প্রতিবন্ধী কাজ করতে পারেন না কিভাবে সন্তানদের মানুষ করবেন।